যাত্রা বিরতি দেয়ার আগে ‘ব্রেক ফেল’ করে তিতাস কমিউটার ট্রেন। ‘ব্রেক ফেইল’ করায় প্ল্যাটফর্মে না থেমে প্রায় দুইশ মিটার দূরে গিয়ে থামে ট্রেনটি। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেন-যাত্রীরা রক্ষা পায়।
শুক্রবার (১১ আগস্ট) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান নরসিংদী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইমন খান ।
ট্রেনটির চালক আব্দুর রব বলেন, ‘এ স্টেশনের পাঁচ কিলোমিটার দূরে পলাশ উপজেলার জিনারদি থেকে ট্রেনটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কিন্তু ইঞ্জিনের ব্রেকে ক্রটি হওয়ায় স্টেশনের প্ল্যাটফর্মে থামানোর জন্যও নিয়ন্ত্রণ করা যায়নি। ’
নরসিংদী রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইমন খান জানান, স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামার কথা। কিন্তু ব্রেক ফেল হওয়ায় দূরে চলে যায়। এসময় যাত্রীদের সাময়িক বিঘ্ন ঘটে। পরে ট্রেনটি পেছনে এসে যাত্রী তোলে।
ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি দুপুর ১২টা ১০ মিনিটে নরসিংদীতে পৌঁছায় নির্ধারিত সময়। স্টেশনে থাকা অপেক্ষমান যাত্রীরা জানান, মাইকে বলা হচ্ছিল, প্ল্যাটফর্মে এসে ট্রেনটি থামবে। কিন্তু ট্রেনটি স্টেশনে না থেমে প্ল্যাটফর্ম অতিক্রম করতে থাকায় যাত্রীরা প্রথমে বিষয়টি বুঝতে পারছিলেন না।
পরে প্রায় দুই শত মিটার দূরে গিয়ে থামলে বৃষ্টির মধ্যে যাত্রীরা দৌড়ে ট্রেনে ওঠা-নামা করেন। ট্রেনটি কিছুক্ষণ সেখানে দাঁড় করিয়ে পরে পিছিয়ে স্টেশনে এনে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে যায়। ”