নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী

বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনার শীর্ষে সাংবাদিক তোফায়েল আহমেদ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জমে উঠছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ সংবাদকর্মী, সমাজসেবক ও সংগঠক সাংবাদিক মোঃ তোফায়েল আহমেদ। তরুণ এই সমাজকর্মী শৈশব থেকেই মানবিক মূল্যবোধ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতার জন্য এলাকায় বিশেষভাবে পরিচিত। বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

বর্তমানে তিনি গাজীপুর ওয়েলফেয়ার যুব সোসাইটি-র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটির মাধ্যমে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। পাশাপাশি পেশাগত জীবনে একজন নির্ভীক সাংবাদিক হিসেবে শোষিত-বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় তাঁর লেখনী সবসময় সোচ্চার রয়েছে। নির্বাচনে নিজের সম্ভাব্য প্রার্থিতা সম্পর্কে সাংবাদিক তোফায়েল আহমেদ বলেন, “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমি মানুষের জন্য কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। যদি বালাগঞ্জবাসী আমাকে তাদের সেবার সুযোগ দেন, তাহলে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন উপজেলা গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ছোটবেলা থেকেই তিনি মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। একজন সাংবাদিক হিসেবে যেমন তিনি সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরেছেন, তেমনি একজন সমাজসেবক হিসেবেও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। উপজেলার সচেতন মহলের মতে, নতুন প্রজন্মের শিক্ষিত ও সামাজিকভাবে সচেতন নেতৃত্ব স্থানীয় সরকার ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে তরুণ নেতৃত্ব হিসেবে তোফায়েল আহমেদকে নিয়ে অনেকেই আশাবাদী।