বাংলাদেশের সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান দেশের বাইরেও ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বাজিমাত করেছেন। হলিউডের সুপারপিক সিনেমা মৌসুমের মাঝেও এই মুহূর্তের আলোচিত বাংলাদেশি সিনেমা ‘প্রিয়তমা’ কানাডা ও আমেরিকার থিয়েটারে দ্বিতীয় সপ্তাহে যাচ্ছে ।
বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। তিনি বলেছেন, বিশ্ব সিনেমার এই ভরামৌসুমে প্রথম তিনদিনে ৪৪ হাজার ডলার আয় করেছে এই সিনেমাটি।
এক অফিশিয়াল পোস্টে তিনি বুধবার (১২ জুলাই) এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, হলিউড সিনেমার পিক সামার মৌসুম হবার কারণে ৭ জুলাই ‘প্রিয়তমা’ ৪২টি হলে কানাডা ও আমেরিকায় মুক্তি পাবার সুযোগ পেয়েছে।
‘এর আগের সপ্তাহ থেকে চলে আসা ইন্ডিয়ানা জোন্স, একই দিনে মুক্তি পাওয়া জয় রাইড, মাঝ সপ্তাহে মুক্তি পাওয়া মিশন ইম্পসিবল এর কারণে কানাডা আমেরিকার চেইনগুলো এ মুহূর্তে একদমই আউটস্ট্যান্ডিং সম্ভাবনার কোন সিনেমা না হলে পর্যাপ্ত থিয়েটার দিতে পারছে না। ’
‘নিজেদের ইন্ডাস্ট্রির সিউরশট ব্লকবাস্টার সিনেমা যেগুলার উপর তাদের ইয়ারলি ব্যবসারও প্রায় সবটা নির্ভর করে সেগুলো রেখে অন্য ইন্ডাস্ট্রির অনিশ্চিত সম্ভাবনার সিনেমার উপর তারা বাজি ধরবে এটা আশা করাও অন্যায়। তাই ‘প্রিয়তমা’ বেশ কিছু কেইওয়াই লোকেশন ছাড়াই মুক্তি পেয়েছে। ’
‘ কানাডার অটোয়া, মন্ট্রিয়ল, এডমন্টন, সাস্কাটুন, রেজিনা এবং আমেরিকার ভার্জিনিয়া, সাউথ ফ্লোরিডা, পেন্সিল্ভেনিয়ার আপার ডার্বি- ল্যান্সডেল, নিউইয়র্কের বাফেলো, ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল লস এঞ্জেলেস, কানেক্টিকাট, ম্যাসাচুসেটস এর কোনো থিয়েটারে জায়গা বের করা যায়নি ‘প্রিয়তমা’র জন্য। এ প্রত্যেকটি লোকেশন আমাদের সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ বড় অংকের একটা বক্স অফিস কন্ট্রিবিউশন আসে এসব মার্কেট থেকে। ’
‘তারপরও প্রথম ৩ দিনে ‘প্রিয়তমা’ ৪৪ হাজার ডলার গ্রস করে ফেলেছে এবং, এটি উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার ইতিহাসে (এখন পর্যন্ত) চতুর্থ সর্বোচ্চ ওপেনিং। খুব আশা জাগানিয়া বিষয় হলো, ৪২টি থিয়েটারের মধ্যে যে কয়টি কেইওয়াই মার্কেটে রিলিজ হতে পেরেছে তার সবগুলোতেই দারুণ পারফর্ম করছে সিনেমাটি। ’
‘নিউইয়র্কে তো রীতিমত ঝড় বইছে ‘প্রিয়তমা’। দর্শকের চাপে এ কঠিন সময়েও নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স তাদের সবচেয়ে বড় হলটা প্রিয়তমাকে দিতে বাধ্য হয়েছে। ৪টির জায়গায় ৭টি শো চালিয়েছে একদিন। মিশিগানের এএমসি জন আর ১৫ এ তো প্রথম দিন থেকেই শো সোল্ড আউট হয়ে যাচ্ছে। ’
কানাডার টরন্টোতেও চলছে ‘প্রিয়তমা’ দেখার উৎসব। এখানে ‘প্রিয়তমা’র এমন দুর্দান্ত সাফল্য একটা বড় ঘটনা। এছাড়া নর্থ ইস্ট ফিলাডেলফিয়ার বেনসালেমের এএমসি নেশামিনি ও গ্রেটার লস এঞ্জেলেস এর এএমসি ফুলারটনে দারুণ যাচ্ছে সিনেমাটি। সবচেয়ে ভালো খবর হচ্ছে, এ সবগুলো হলেই দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে ‘প্রিয়তমা’।