দুদিনের মধ্যে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
নির্বাচন-নির্বাচন খেলা এবার হবে না: ফখরুল
এক দফা দাবি আদায়ে আন্দোলন সফল করতে গণমিছিলের পর আগামী দুদিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে গণমিছিল শেষে এ কথা জানান তিনি।
এদিন বিকেলে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে বিএনপির গণমিছিলপূর্ব সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবির যে আওয়াজ উঠেছে তা গণভবন পর্যন্ত নিয়ে যেতে হবে। আমাদের এবারের লড়াই জীবন-মরণের লড়াই। এই লড়াইয়ে আমাদের জিততে হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আমাদের একটাই দাবি—শেখ হাসিনার পদত্যাগ। পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন দিতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ মনে করেছে এবারও তারা ২০১৪ এবং ২০১৮ সালের মতো নির্বাচন দিয়ে ক্ষমতায় টিকে যাবে। কিন্তু সেটা আমরা হতে দেব না। দেশের জনগণ তা মেনে নেবে না। আগামী দুই দিনের মধ্যে সরকার পতনের একদফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, ‘আমরা নতুন যুদ্ধে নতুন লড়াই শুরু করেছি। মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমাদের দিন শেষ। মানে মানে পদত্যাগ করো। ’
নির্বাচন কমিশন দুটি নতুন দলকে নিবন্ধন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ এ দুই দলকে চেনেন না। এদের দিয়ে সরকার নির্বাচন-নির্বাচন খেলা খেলতে চায়। এবার এ খেলা খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, শামসুজ্জামান দুদু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ। সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক।