‘দশ হাজার মানুষকে চাকরি দিয়েছি, আরও দশ হাজারকে দেব’
নির্বাচনী অফিস উদ্বোধনকালে স্বতন্ত্র প্রার্থী মোতালেব
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ মোতালেব সিআইপি বলেছেন, সাতকানিয়া-লোহাগাড়ার অন্তত ১০ হাজারের মত লোক আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত রয়েছেন। আগামী ৭ জানুয়ারী আমার প্রতীক ঈগল মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে কর্মসংস্থানের দুয়ার খুলে দেব এবং এর মাধ্যমে তরুণ ও যুবকদের বেকার সমস্যা সমাধান করব।
শনিবার সন্ধ্যা ও রাতে উপজেলার কেরানীহাট হক টাওয়ার, সাতকানিয়া রাস্তার মাথা, নাপিতের চর, আশেকের পাড়া, গোয়াজর পাড়া, পৌরসভা ২ নম্বার ওয়ার্ড সামিয়ার পাড়া, সোনাকানিয়ার হাতিয়ারকূল এলাকায় ঈগল মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন কালে উপরোক্ত এসব কথা বলেন।
কেরানীহাট এলাকার অফিস উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোতালেবের প্রধান নির্বাচনী সমন্বয়ক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান, সচিব ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো. জোবায়ের, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ লিটন, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম, চেয়ারম্যান আবু ছালেহ ও কেরানীহাট বাজারের ইজারাদার ও যুবলীগ নেতা মো. নাজিম উদ্দীন।