‘দরদ’ সিনেমার শুটিং করতে গত ২৪ অক্টোবর বাংলাদেশ থেকে ভারতে যান ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। শুটিং শেষে প্রায় এক মাস পর শনিবার (১৮ নভেম্বর) বিকেলে ভারত থেকে ঢাকায় ফিরেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশে আসার একটি ভিডিও শেয়ার করেন এই নায়ক।
বিকেল ৫টায় ফেসবুকে প্রকাশ করা ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দেশে ফিরতেই ভক্তদের ভিড়ে ভালোবাসায় সিক্ত হন শাকিব।

বিমানবন্দর থেকে বের হয়ে এসে গণমাধ্যমকর্মীদের সাথে বললেন কিছু কথাও। শুরুতে অনভূতি প্রকাশ। সেটা ছিল এরকম, ‘এই অভিজ্ঞতা কেমন, বলে বোঝানো যাবে না। এই যে প্রতিবার একটা ভালো কাজ করে আসার পর সবাই এমন উচ্ছ্বাস নিয়ে আসে, স্বাগত জানায়, এর অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না। ’
‘দরদ’র শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে শাকিব জানান, এতে নতুন কী আছে, সেটা সিনেমা মুক্তি পেলে তবেই দেখতে পাবে দর্শক। আগ বাড়িয়ে কিছু বলতে চান না তিনি। আগামী বছর ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) সিনেমাটি মুক্তি পেতে পারে।
উল্লেখ্য, নতুন সিনেমা ‘দরদ’-র মাধ্যমে প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমা করেছেন ঢালিউড কিং শাকিব খান। বাংলাদেশি নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান।
বাংলাদেশের পাশাপাশি ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’ সহ-প্রযোজনায় এ সিনেমা সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত। ১০ কোটি টাকারও বেশি বাজেটে নির্মাণাধীন এ সিনেমাতে শাকিব-সোনালের সঙ্গে থাকছেন বলিউডের রাজেশ শর্মা, কলকাতার পায়েল সরকার, রাহুল দেব, ঢাকার এলিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ, ইমতু রাতিশসহ অনেকে।