তেজগাঁওয়ে ট্রেনে আগুন, চারজনের মৃত্যু

রাজধানী ঢাকার তেজগাঁও স্টেশনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বত্তরা। এতে ট্রেনের চারজন যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা শাজাহান শিকদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার ভোর ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে, সকাল ৬টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি নেত্রকোনা থেকে ছেড়ে আসে। এটি তেজগাঁও স্টেশন ছেড়ে কমলাপুর অভিমুখে চলা শুরু করতেই আগুন লাগে। ট্রেনটির তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি। নিহতদের মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

প্রসঙ্গত, নির্বাচন স্থগিত ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ঘোষণা দিয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি)। তাদের এই হরতালে শুরুর ঠিক আগ মুহূর্তে ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটল। এর আগে গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের বনখড়িয়ার চিলাই ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত ও কমপক্ষে ১০জন আহত হন।