আবারও জলাবদ্ধতার কবলে পড়ল সিলেট নগরের বিভিন্ন এলাকা। মাত্র তিন ঘণ্টার টানা বৃষ্টিতে জলমগ্ন নগরী। রাস্তাঘাট ডুবে ড্রেনের পানিতে একাকার হয়ে বাসাবাড়িতে উঠেছে ময়লা পানি।
সিলেটে চিকিৎসা সেবার সর্ববৃহৎ প্রতিষ্ঠান এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কলেজেও জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে মধ্য রাতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।
শনিবার (৮ জুন) সন্ধ্যা রাত থেকে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। এরপর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ভারি বর্ষণ হয় সিলেটে। এই সময়ে ২২০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে সিলেট আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এটি এই মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টি।
উজানে ভারতের ঢলে ও ভারি বর্ষণে সিলেটে নদ নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নগরেও অকাল বন্যা দেখা দেয়। বাসা-বাড়িতে পানি উঠে। নগরীতেই চার সহস্রাধিক বাসিন্দা বন্যা আক্রান্ত হন। আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে অনেক পরিবার। এ অবস্থায় শুক্রবার পর্যন্ত সুরমার পানি বিপৎসীমার নিচে অবস্থান করছিল। নগর থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করে। আশ্রয় কেন্দ্রে আশ্রিত মানুষজন তাদের ঘরে ফিরতে শুরু করেন। কিন্তু শনিবার রাতের বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে পড়ে নগরের অধিকাংশ এলাকা।