দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য বিএনপি ও তার মিত্ররা উঠেপড়ে লেগেছে , বিএনপির এখন খাদের মধ্যে পড়ে যাওয়া বাকি আছে, আগামী নির্বাচন বর্জন করলে তারা খাদের মধ্যে পড়ে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপিকে এখন তারেক রহমান তার লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে। তারেক রহমান যতদিন নির্বাচন করতে পারবে না, ততদিন কেউ বিএনপি করলে মেম্বার নির্বাচনও করতে পারবেন না। অন্য নির্বাচন তো দূরের কথা। এই হলো এখন বিএনপির নীতি।
শুক্রবার (১১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপির অপরাজনীতি বন্ধ করা দরকার। বিএনপি এমন একটি দল, যে দল করলে কোনো নির্বাচন করা যাবে না। মেম্বার, কাউন্সিলর, উপজেলা, চেয়ারম্যান কোনো নির্বাচন করা যাবে না। সে দল করার কোনো যুক্তি নেই।
দেশে স্থিতিশীলতা নষ্ট করার জন্য আজকে বিএনপি ও তার মিত্ররা উঠে পড়ে লেগেছে অভিযোগ করে তিনি বলেন, আজ নাকি তারা গণমিছিল করবে। গণমিছিল থেকে যদি মানুষের ওপর হামলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা হয়, মানুষের সহায়-সম্পত্তি নষ্ট করা হয়, তাহলে আমরা ছেড়ে দেব না। আমরা জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলব।
বিএনপিকে গণতন্ত্রের পথে হাঁটার অনুরোধ জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের পথে হাঁটলে তাদের লাভ হবে। বিএনপির সিনিয়র নেতাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা আর কতদিন আপনাদের ওপর চাপিয়ে দেয়া সিদ্ধান্ত অনুসরণ করবেন? আপনাদের দল আজ খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। এখন খাদের মধ্যে পড়ে যাওয়া বাকি আছে। আগামী নির্বাচন বর্জন করলে খাদের মধ্যে পড়ে যাবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতিমণ্ডলীর সদস্য আসারারুল হাসান আসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু।