লালমনিরহাটে উদ্বোধনী দিনেই রেললাইনের পাথর ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো যাত্রী হতাহত হননি। মঙ্গলবার রাত ৮টায় ট্রেনটি পারুলিয়া স্টেশনের কাছে এলে চলন্ত ট্রেনে ঢিল মেরে গ্লাস ভেঙে দেয় দুর্বৃত্তরা। লালমনিরহাটের বুড়িমারী রেল স্টেশনে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি। উদ্বোধন শেষে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ফেরার পথে পারুলিয়া স্টেশনের কাছে এলে দুর্বৃত্তরা রেললাইনের পাথর দিয়ে ঢিল মেরে জানালার গ্লাস ভেঙে দেয়। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। কে বা কারা এটা করেছে জানা যায়নি৷ এ ঘটনায় জড়িতদের খোঁজ করে আইনের আওতায় আনা হবে।