ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করতে গিয়ে আওয়ামী লীগের দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে মহাসড়কের চট্টগ্রাম লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বেলা পৌনে ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিরেধী পক্ষ চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন। মঙ্গলবার সকালে উপজেলায় মিজানুরের পক্ষ একটি শোডাউনের আয়োজন করে। পরে একই দিন সকালে শোডাউন ঠেকাতে মোড়ে মোড়ে অবস্থান নেন মুজিবুল হকের অনুসারীরা। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে গেছে।

কুমিল্লা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মিছিলে নামে এমপি মুজিবুল হকের সমর্থকেরা। এসময় আওয়ামী লীগের পদবঞ্চিত নেতারা চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানের সমর্থনে মহাসড়কে নেমে ভাঙচুর চালায়। পরে এমপি মুজিবুল হকের সমর্থকেরা তাদের প্রতিহত করতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। উভয় পক্ষ মহাসড়ক ছেড়ে চলে গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অচল অবস্থায় আছে। মহাসড়কে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। নির্বিচারে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ চলছে।

এমএফ