রাজধানী ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজারগামী ট্রেনের টিকিট বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে।এদিন অনলাইন এবং কাউন্টারে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট বিক্রি করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের অনলাইনে দেখা গেছে, টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে ১ ডিসেম্বরের টিকিট বিক্রি শেষ হয়ে গেছে।
রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইটের তথ্যমতে, কক্সবাজার-ঢাকা-কক্সবাজারের যাত্রীরা ৮ ঘণ্টা ৫০ মিনিটে গন্তব্যে পৌঁছে যাবেন।
নিয়ম অনুযায়ী, ১ ডিসেম্বর ট্রেন চালু হলে ২১ নভেম্বর অর্থাৎ ১০ দিন আগেই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু যথাসময়ে ট্রেনটি বাণিজ্যিক চলাচল অনুমোদন না হওয়া, চট্টগ্রামের যাত্রীদের জন্য আসন রাখা নিয়ে সৃষ্ট সংশয়ের কারণে কক্সবাজার এক্সপ্রেসের টিকিট বিক্রি কার্যক্রম যথা সময়ে শুরু করতে পারেনি রেলওয়ে।
গত ১৯ নভেম্বর ঢাকা-কক্সবাজার রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচলের অনুমোদনের প্রস্তাব দেওয়া হলেও সেটি অনুমোদন হয় ২১ নভেম্বর। এরপর সেটি রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) এর অনুমোদন নিয়ে প্রধান বাণিজ্যিক কর্মকর্তার (সিসিএম) অনুমোদন সাপেক্ষে টিকিট বিক্রি প্রক্রিয়া শুরু করা হয়েছে। সিদ্ধান্তটি রেলওয়ে টিকিট বিক্রির সঙ্গে যুক্ত সহজ ডটকমের কাছে পাঠানো হয়েছে। সফটওয়্যারে কোচ অনুযায়ী সিট বিন্যাস ও ভাড়া সংযুক্ত করে বৃহস্পতিবার থেকে কক্সবাজারের প্রথম ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম শুরু করা হবে।
ঢাকা-কক্সবাজার ট্রেনের সময়সূচি
রেলওয়ে সূত্র থেকে জানা গেছে, কক্সবাজার এক্সপ্রেসে ঢাকার কমলাপুর স্টেশন ছাড়বে রাত সাড়ে ১০টায়। চট্টগ্রামে এসে পৌঁছাবে রাত ৩টা ৪০ মিনিটে। ২০ মিনিট যাত্রা বিরতি দিয়ে রাত ৪টায় কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। কক্সবাজারে পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। অর্থাৎ রাজধানী থেকে পর্যটন শহরে যেতে সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট।
অপরদিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ট্রেন ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে। এই ট্রেন চট্টগ্রামে আসবে বেলা ৩টা ৪০ মিনিটে। আর ঢাকায় পৌঁছবে রাত ৯টা ১০ মিনিটে। ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ১ হাজার ৫৯০ টাকা এবং এসি বার্থের (ঘুমিয়ে যাওয়ার আসন) ভাড়া ২ হাজার ৩৮০ টাকা। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ২০৫ টাকা, স্নিগ্ধা শ্রেণির ৩৮৬ টাকা, এসি সিটের ৪৬৬ এবং এসি বার্থের ৬৯৬ টাকা।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করেন। এরমাধ্যমে প্রকল্প অনুমোদনের প্রায় সাড়ে ১৩ বছর পর বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয় কক্সবাজার।