ডিএসসিসির পাঁচটি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন পাঁচটি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ধলপুরে ডিএসসিসির মালিকানাধীন চার ও পাঁচ তলা বিশিষ্ট দুটি ভবনে ঢাকা দক্ষিণ সিটির অন্তর্ভুক্ত নতুন পাঁচটি অঞ্চলের জন্য পাঁচটি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা সুশাসন নিশ্চিত ও প্রশাসনিক সংস্কার এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলাম। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ঢাদসিক) অন্তর্ভুক্ত নতুন পাঁচটি অঞ্চলের জন্য পাঁচটি আঞ্চলিক কার্যালয় উদ্বোধনের মাধ্যমে আজ আমরা তার নজির স্থাপন করতে পেরেছি। তিনি বলেন, আমাদের এই স্থাপনাগুলো ২০০৮ সাল থেকে র‍্যাবের দখলে ছিল। আমরা এটাকে প্রথমে দখলমুক্ত করি। তারপর সংস্কার করে আজ আঞ্চলিক কার্যালয় হিসেবে জনগণের জন্য উন্মুক্ত করতে পারলাম। ছয় বছরের বেশি সময় ধরে জনগণ, কাউন্সিলর ও কর্মকর্তাদের ভোগান্তি পোহাতে হয়েছে। আমরা সীমাবদ্ধতা সত্বেও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছি। এই আঞ্চলিক কার্যালয়গুলো চালু হওয়ায় জনগণের আর ভোগান্তি থাকবে না।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাদসিক মেয়র বলেন, আমাদের ১১টি স্থাপনা পুলিশ ও র‍্যাবের দখলে ছিল। আমরা এ যাবত চারটি স্থাপনা দখলমুক্ত করতে পেরেছি। আমাদের একটা সামাজিক অনুষ্ঠান কেন্দ্র দখল অবস্থায় ছিল। তারা সেটা আমাদেরকে ছেড়ে দিয়েছে। লালবাগে আমাদের আরেকটি স্থাপনা র‍্যাব ছেড়ে দিয়েছে। সেটাতেও আঞ্চলিক কার্যালয় হিসেবে আমাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। বাকি স্থাপনাগুলোও দখলমুক্ত করতে আমাদের কার্যক্রম চলছে। আমরা প্রতিনিয়তই তাদের সঙ্গে দেন-দরবার ও আলোচনা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এ ব্যাপারে অবগত করা হয়েছে। এগুলো জনগণের স্থাপনা। জনকল্যাণেই এসব স্থাপনা ব্যবহার করা হবে। আমরা আশা করছি, অচিরেই বাকি স্থাপনাগুলো আমাদের কাছে হস্তান্তর করা হবে। অঞ্চলভিত্তিক আলাদা আলাদা কার্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, জানিয়ে মেয়র তাপস বলেন, আমাদের নতুন পাঁচটি অঞ্চল ২০১৭ সালের ৩০ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ সিটি করপোরেশন সংলগ্ন এলাকাগুলোকে সিটি করপোরেশনের আওতায় এনেছিলেন। এর দীর্ঘ ছয় বছর পরে সেসব অঞ্চলের জন্য আজ আমরা স্বয়ংসম্পূর্ণ পাঁচটি কার্যালয় উদ্বোধন করছি। পরবর্তীতে ধাপে ধাপে পাঁচটি অঞ্চলের জন্য অঞ্চলভিত্তিক আলাদা আলাদা আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হবে।  উল্লেখ্য, ধলপুরে অবস্থিত ডিএসসিসির মালিকানাধীন ৩, ৪ ও ৫ তলা বিশিষ্ট ভবনগুলো র‍্যাব-১০ ব্যবহার করছিল। এ বছরের ৪ জুন র‍্যাব-১০ ভবনগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে বুঝিয়ে দেয়। সেসব ভবন সংস্কার করে দক্ষিণ সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত নতুন পাঁচটি অঞ্চলের জন্য আজ পাঁচটি আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হলো। ২০১৭ সালের ৩০ জুলাই ১৮টি নতুন ওয়ার্ডকে পাঁচটি অঞ্চলে ভাগ করে নতুন পাঁচটি অঞ্চল সৃষ্টি করা হয়। ফলে, পুরনো পাঁচটিসহ ঢাকা দক্ষিণ সিটিতে মোট অঞ্চলের সংখ্যা বেড়ে ১০টি অঞ্চলে উন্নীত হয়। নতুন অঞ্চলগুলোর সেবা এতদিন ধরে পুরনো পাঁচটি আঞ্চলিক কার্যালয় থেকে দেওয়া হতো। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র দক্ষিণগাঁও এলাকায় আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের পিএ-৬ এর কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দার আলী, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট অঞ্চলগুলোর সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ এবং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।