ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রেল সেতু পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মর্জিনা বেগম (৬০) ও তার নাতনি সাথি বেগম (৯)।  সাথি মর্জিনার ছেলে মো. সাফিয়ারের মেয়ে।

শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার দিনাজপুর-পার্বতীপুর পুরাতন বাজার তিলাই নদ রেলসেতুতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনা বেগম স্বপরিবারে একটি বিয়ের অনুষ্ঠানে পার্বতীপুর পুরাতন বাজার এলাকায় বেড়াতে আসেন।  শনিবার সকালে নাতনী সাথীসহ পরিবারের কয়েকজনকে সঙ্গে নিয়ে ট্রেন দেখতে গিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন।  এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেন চলে আসে।  ট্রেনটি ব্রিজের কাছে আসতেই অন্যান্যরা নদীতে লাফ দেয়।  এ সময় ট্রেনের ধাক্কায় দাদি ও নাতনীর মৃত্যু হয়।

ওই ট্রেনের লোকো মাস্টার সাইদুল ইসলাম জানান, রেলওয়ে ব্রীজের উপরে কয়েকজন পার হচ্ছে বিষয়টি প্রত্যক্ষ করে দ্রুততম সময়ের মধ্যেই ব্রেক করা হয়।  কিন্তু তার আগেই কাটা পড়ে দাদি ও নাতনি।

খবর পেযে প্রথমে পার্বতীপুর রেলওয়ে পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে।  স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।”