বুধবার (২৫ অক্টাবর ) ভোর ৬ টার দিকে ট্রাক এবং অটোরিকশার সরাসরি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হওয়ার ঘটনা ঘটে পাবনার ঈশ্বরদীতে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন ।
আজ ভোর ৬টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে সরকারী এস.এম মডেল স্কুল অ্যান্ড কলেজের নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী গ্রামের জেহের মোল্লার ছেলে আসান মোল্লা ও একই উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জিন্নাত আলী।
পুলিশ ও ঐ স্থানের বাসিন্দারা জানান, সকালে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে সরকারী এস.এম মডেল স্কুল অ্যান্ড কলেজের কাছে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশাচালক ও এক যাত্রীকে শারীরিকভাবে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা । ঐ স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক যথাযথ ও উন্নত চিকিৎসার জন্য আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাকিব আহমেদ জানান, আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মৃতদেহ দুটি উদ্ধার করা হয়েছে। ট্রাক ও অটোরিকশাটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে ট্রাকচালক পালিয়ে যাওয়াতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।