টেকনাফে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধ নিহত

কক্সবাজারের টেকনাফে সাবরাং ইউনিয়নের মগপাড়া এলাকায় ছনের ঝুপড়ি ঘরে লাগা আগুনে অগ্নিদগ্ধ হয়ে আবুল হোসেন (৭২) নামের এক রোহিঙ্গা বৃদ্ধ নিহত হয়েছে। নিহত ব্যক্তি আব্দুস সালামের পুত্র এবং রোহিঙ্গা। ২০/২৫ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে আসে বলে জানা যায়।

গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মগপাড়া এলাকায় সালামত উল্লাহর বাড়ির কেয়ারটেকারের ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। ঐ সময় বৃদ্ধ ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে মারা যায় বলে জানা যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়ি বা কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, নিহত আবুল হোসেন রোহিঙ্গা। ফায়ার সার্ভিস আসার আগেই মৃত্যু হয় তার। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।