‘টাইগার থ্রি’র দৃশ্য অনলাইনে ফাঁস

যশরাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে হাজির হলেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটি।  সিনেমাটি মুক্তি পেয়েছে রোববার (১২ নভেম্বর)।  কিন্তু মুক্তির আগেই ‘টাইগার-৩’ সিনেমাকে কেন্দ্র করে ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা।

সালমান খান আগেই তার ভক্ত-অনুরাগীদের কাছে আবেদন করেছিলেন যে, কেউ যেন কোনো স্পয়লার না দেন। সেজন্য নেওয়া হয়েছিল সব রকম নিরাপত্তা ব্যবস্থা।  তবুও আটকানো গেল না ভিডিও ফাঁস হওয়া।  ‘টাইগার থ্রি’-এর বিশেষ একটি দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, তাও সিনেমা মুক্তির কয়েক ঘণ্টা আগেই।

ভিডিওতে দেখা গেছে, ‘টাইগার’কে ঘিরে ধরেছে সৈন্যরা, সকলের হাতে বন্দুক।  আর সেই সময়ই মাঝে এসে পড়ে একটা ক্রিকেট বল।  আর বেজে ওঠে ‘পাঠান’-এর টাইটেল ট্র্যাক ‘ঝুমে জো পাঠান’।  এরপরই রোপওয়ে তে করে দারুণ এন্ট্রি হয় শাহরুখের।  সৈন্যদের ছত্রভঙ্গ করতে গুলি ছুড়তে থাকেন ‘পাঠান’।  চোখাচোখি হয় পাঠান-টাইগারের।  হাত ধরে টেনে ‘টাইগার’কে নিজের রোপওয়েতে তুলে নেন ‘পাঠান’।

এছাড়া ‘টাইগার-৩’ সিনেমায় কবীরের চরিত্রে হৃতিক রোশনের ক্যামিওর একটি পৃথক ভিডিও ক্লিপও অনলাইনে প্রকাশিত হয়েছে।  ফাঁস হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রক্তাক্ত হৃত্বিক একটি নাটকীয় প্রবেশদ্বার তৈরি করছেন, তার মুখে একটি ধোঁয়াটে মুখোশ।  সেই দৃশ্যে দেখা যাচ্ছে কবীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর ব্যাকগ্রাউন্ড ওয়্যারের গান।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডটকম জানিয়েছে, মুক্তির কয়েক ঘণ্টার মধ্যে সালমান খানের ‘টাইগার ৩’ সিনেমা অনলাইনে ফাঁস হয়েছে।  এইচডি কোয়ালিটির প্রিন্ট পাওয়া যাচ্ছে টরেন্ট ওয়েবসাইটে।  তা ছাড়াও তামিল রকার্স, টেলিগ্রাম, মুভিরুলসে পাওয়া যাচ্ছে সিনেমাটি।  মুক্তির প্রথম দিনে ফাঁস হওয়ায় বক্স অফিসের আয়ে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।