শাহাদাত হোসাইন, মৌলভীবাজার: সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের সাথে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এর সাথে আয়োজনে জেলার ইমামদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মৌলভীবাজার জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার বলেন, ‘ধর্মীয় সম্প্রীতিতে যাতে কেউ বিভেদ তৈরি করতে না পারে, ধর্মীয় অনুভূতিতে যাতে কেউ আঘাত করতে না পারে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ধর্মীয় কোন বিষয়ে সমস্যা সৃষ্টি হলে নিজেরা বসে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে। ধর্মীয় বিষয়ে বিভ্রান্তিকর কোন কিছু ঘটলে সেটা নিয়ে যাতে বাড়াবাড়ি না হয়ে সেদিকে ইমাম সাহেবদের বিশেষ ভুমিকা রাখতে হবে। মসজিদে বয়ানের সময় এসব বিষয় তুলে ধরতে হবে।” পুলিশ সুপার বলেন, “ধর্মভীরুতার জন্যও অনেক সময় মানুষ জঙ্গীবাদের মত বিষয়ে জড়িয়ে পড়ে। ইসলামের পূর্ণ ও সঠিক জ্ঞান না থাকার কারণে খুব সহজেই তারা বিভ্রান্ত হয়। মসজিদে ইমামগণ যদি এসব বিষয় ব্যাখ্যা করে আলোচনা করেন তাহলে জঙ্গীবাদ বা সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এসব ক্ষেত্রে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি আরও বলেন, “গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বর্তমান আধুনিক যুগে মোবাইলে কোন কিছু দেখলে সেটা নিজের বিবেক বুদ্ধি দিয়ে যাচাই-বাচাই করে বিশ্বাস করতে হবে। মসজিদে আলোচনা করার মাধ্যমে সাধারণ মুসল্লীদের এসব বিষয়ে সচেতন করতে হবে।”