জামিন চাইলেন ফখরুল

বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বাস ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা এ জামিন আবেদন করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। তিনি গণমাধ্যমকে বলেন, “বিএনপি মহাসচিবের জামিন আবেদন করা হয়েছে। তবে জামিন আবেদনের শুনানির তারিখ এখনো নির্ধারিত হয়নি।”

গত ২৯ অক্টোবর গ্রেপ্তার হন মির্জা ফখরুল। পরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালতে জামিন আবেদন করা হয়। সেদিন আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন সেদিন আদালতকে বলেছিলেন, “বিএনপির মহাসচিব অসুস্থ। রাজনৈতিকভাবে হয়রানির জন্য তাকে এই মামলায় জড়ানো হয়েছে।”