জাতীয় সংগীতের সময় যুব মহিলা লীগ নেত্রীর হাসাহাসি

শোকের মাস আগস্টকে কেন্দ্র করে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  শোকের মাসে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

শুক্রবার (১৮ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটি পরিচিতি সভাসহ শোকের মাসের কর্মসূচি পালন নিয়ে সভা করে।  জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করে সংগঠনটি।

জাতীয় সংগীত শেষ হওয়ার আগ মুহূর্তে দেখা যায়, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি হাসতে শুরু করেন।  একপর্যায়ে সামনে দাঁড়িয়ে থাকা কেন্দ্রীয় নেত্রীরাও হাসতে শুরু করেন।  এসময় শোকের এবং জাতীয় সংগীতের ভাবগাম্ভীর্য নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় অনেক নেতা।  তারা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

যুব মহিলা লীগের কেন্দ্রীয় এক নেতা বলেন, ‘এখানে যেন তারা পিকনিক করতে এসেছে।  তাদের কাছে পিকনিক মনে হলেও বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না। ’

এ বিষয়ে সংগঠনটির সভাপতি আলেয়া সারওয়ার জেইজি বলেন, ‘আমি এটা খেয়াল করিনি।  আমরা যখন জাতীয় সংগীত ইউটিউবে ছেড়েছিলাম তখন মেয়েদের সঙ্গে মিলছিল না।  তখন নিজেরাই সংগীতটা করেছি।  আমি যখন জাতীয় সংগীত বা এক মিনিট নীরবতা পালন করি, তখন আমি আমার মতো করে সেই চিন্তাভাবনা নিয়ে দাঁড়াই।  ও (লিলি) আমার পাশে ছিল কিন্তু আমি খেয়াল করিনি। ’

যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি হাসির বিষয়ে বলেন, ‘জাতীয় সংগীতের সময় মিউজিকের সঙ্গে গানটা একসঙ্গে হচ্ছিল না, গানের সঙ্গে ভিডিওটা একসঙ্গে মিলছিল না।  জাতীয় সংগীত মেয়েরা গাইছিল আগে, রেকর্ডটা পরে বাজছিল।  এটা হচ্ছে বিষয়। ’