জয়ের ব্যাপারে আশাবাদি : মহিউদ্দিন বাচ্চু

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। ইভিএমে আজ রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নগরের নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু সাংবাদিকদের বলেন, ভোটারদের লম্বা লাইনেই বোঝা যাচ্ছে ভোটার উপস্থিতি বেশ ভালো। বিগত নির্বাচনগুলোর মতো এ নির্বাচনেও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা কাজ করছে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, আমি কখনোই শঙ্কা প্রকাশ করি নাই, আমি মনে করছি- শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে।

এসময় কেন্দ্রে ভোটার আনতে তার দল অতীতের মত এ নির্বাচনেও কাজ করেছে বলে তিনি উল্লেখ করেন।

নির্বাচনে আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীক নিয়ে এবং জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত (সোনালী আঁশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশীদ মিয়া (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. আরমান আলী (বেলুন) ও মনজুরুল ইসলাম ভূঁইয়া (রকেট) এ আসনের জন্য লড়ছেন।

ভোটারদের মধ্যে তেমন আগ্রহ না থাকায় প্রথম থেকে কেন্দ্রে ভোটার ফেরানোর চ্যালেঞ্জ ছিল প্রার্থীদের।

এমএইচএফ