অপহরণের দুই দিন পর চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তিন বছরের শিশু আব্দুল্লাহকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাকে উদ্ধার করা হয়েছে।
এর আগে, গত ৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে চান্দগাঁওয়ের পশ্চিম মোহরা হাজী নাজির লেইনের রুহুল আমিনের বাড়ি থেকে অপহরণ হয় শিশু আব্দুল্লাহ।
আব্দুল্লাহ ওই এলাকার দুবাই প্রবাসী মাহবুবুল আলমের ছেলে। তার তিন মেয়ে ও দুই ছেলে। এরমধ্যে আব্দুল্লাহ চতুর্থ। আব্দুল্লাহর ছোট ৮ মাস বয়সী আরেকটা ছেলে সন্তান রয়েছে মাহবুবুলের।
শিশু আব্দুল্লাহকে উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি (তদন্ত) মনিবুর রহমান। তিনি বলেন, কৌশলে শিশু আব্দুল্লাহকে অপহরণ করে এক নারী। অপহরণের পর থেকে টানা অভিযান চালিয়ে নগরের পাঁচলাইশ এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে অপহরণ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।