চতুর্থ দিনেও বন্দর অচল : আন্দোলনকারীরা হার্ডলাইনে

চট্টগ্রাম অফিস :
অবরোধ ও কর্মবিরতিতে চতুর্থতম দিনেও অচল হয়ে আছে চট্টগ্রাম বন্দর। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের কর্মবিরতি ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) অবরোধে এই অচলাবস্থা বিরাজ করছে। শুরুর দিকে এই আন্দোলনে জাতীয়তাবাদী শ্রমিক দল সম্পৃক্ত থাকলেও বর্তমানে এই আন্দোলনের নিয়ন্ত্রণে শ্রমিক কর্মচারি ঐক্য পরিষদ (স্কপ)ও রয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু করে সংগ্রাম পরিষদ। ফলে সকল ধরণের পণ্য হ্যাণ্ডলিং বন্ধ থাকায় বিপাকে পড়েছেন আমদানি রপ্তানিকারকরা।
এদিকে বন্দর থেকে আমদানি পণ্য ডেলিভারি, কনটেইনার ও কার্গো হ্যান্ডলিং বন্ধ হয়ে আছে। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর বিকেলে বন্দর ভবন চত্বরে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরবর্তী কর্মসূচি জানানোর কথা রয়েছে। শনিবার থেকে সোমবার আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হয়। তবে আজ থেকে ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছে বন্দর ব্যবহারকারীরা।
এদিকে টোল প্লাজায় অবরোধ কর্মসূচি পালন করেছে স্কপ। স্কপের নেতা তপন দত্ত বলেন, বন্দর বিদেশিদের দেওয়া যাবে না। ছয় মাস ধরে আমরা এই দাবি জানিয়ে আসছি।সরকার কর্ণপাত করেনি। জনগণের বিরুদ্ধে যাচ্ছে সরকারের সিদ্ধান্ত। এটি জীবন মরণ সমস্যা।
এ সময় কমরেড শাহ আলম বলেন, নির্বাচনের মুখে বন্দর শ্রমিকদের রাজপথে ঠেলে দেয়া হয়েছে। ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি দেওয়ার অপতৎপরতা হচ্ছে। ওপেন টেন্ডার হচ্ছে না। স্কপ নেতারা এনসিটি ইজারা প্রক্রিয়া থেকে সরকারকে সরে আসার এবং বন্দর শ্রমিকদের বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান। # সৌ/দু/চ