চট্টগ্রাম-১০ উপনির্বাচনে কার ভাগ্যে শিকে ছিঁড়বে

সোমবার আওয়ামী লীগ মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে প্রার্থী

চট্টগ্রাম-১০ আসনের (হালিশহর, পাহাড়তলী ও খুলশী) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন লড়াইয়ে আছেন ২৯ জন। এদের মধ্যে কার ভাগ্যে জুটবে নৌকার মনোনয়ন?  সোমবার (৩ জুলাই) জানা যাবে কে সেই ভাগ্যবান নেতা।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে রাতে দলের মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে প্রার্থী। ২০২৪ সালের জানুয়ারিতে যদি দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সে হিসেবে এই আসনের নির্বাচিত সংসদ সদস্যের মেয়াদ থাকবে মাত্র ৩ মাস।

যথারীতি এই উপনির্বাচনেও অংশ নিচ্ছে না বিএনপি। কোনো শক্ত স্বতন্ত্র প্রার্থীও নেই। ফলে এই উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে যিনি মনোনয়ন পাবেন, তার জয় সুনিশ্চিত। তাই এই উপনির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ‘মনোনয়ন যুদ্ধে’ লড়ছেন ২৯ জন।

এদের মধ্যে রয়েছেন কয়েকজন তরুণ যুবলীগ নেতা, পাশাপাশি আছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা। রয়েছেন প্রয়াত সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের সহধর্মিনী, দুই ভাই ও এক ছেলে। ৩ মাসের জন্য এই আসনে কে হচ্ছেন নৌকার কান্ডারি-চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।

২৯ জন মনোনয়নপ্রত্যাশীরা হলেন-নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম বেলায়েত হোসেন ও সফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন, সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, দেলোয়ার হোসেন ভূঁইয়া ও আবদুল লতিফ, সাবেক সংসদ সদস্য প্রয়াত ডা. আফছারুল আমীনের সহধর্মিনী কামরুন নেছা, আফছারুল আমীনের ছেলে ফয়সাল আমীন, আফছারুল আমীনের ভাই এরশাদুল আমীন ও ডা. আরিফুল আমীন,

যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক কে বি এম শাহজাহান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত জহুর আহমেদ চৌধুরীর সন্তান হেলাল উদ্দীন চৌধুরী, নগর যুবলীগের সাবেক আহবায়ক মহিউদ্দিন বাচ্চু ও সাবেক যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক ও নগর ছাত্রলীগের সাবেক স্টিয়ারিং কমিটির সদস্য অহীদ সিরাজ চৌধুরী স্বপন,

পাহাড়তলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল ইসলাম, প্রয়াত আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ইসহাক মিয়ার ছেলে মোহাম্মদ রেজওয়ান, সদরঘাট থানা আওয়ামী লীগের সদস্য রাশেদুল হাসান, ডবলমুরিং থানা আওয়ামী লীগের সদস্য এমদাদুল ইসলাম এবং মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ডা. শেখ সফিউল আজম, লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমদ, নগর আওয়ামী লীগের সাবেক সদস্য জামশেদুল আলম চৌধুরী, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আহমেদ ফয়সাল চৌধুরী এবং সিটি করপোরেশনের সাবেক সংরক্ষিত কাউন্সিলর রেহানা বেগম রানু।

গত ৮ জুন চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ জুলাই, মনোনয়নপত্র বাছাই হবে ৬ জুলাই, আপিল দায়ের করা যাবে ৭ থেকে ৯ জুলাই পর্যন্ত, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১১ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ জুলাই এবং প্রতীক বরাদ্দ হবে ১৩ জুলাই। আগামী ৩০ জুলাই ভোট গ্রহণ করা হবে। ভোট হবে ইভিএমে। এ ছাড়া ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
গত ২ জুন আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ আসনটি শূন্য হয়।