চট্টগ্রামের পাহাড়তলী রেলওয়ে স্টেশনে শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রাম অফিস
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে এবার আন্দোলনে নতুন গতি আনতে চাইছেন রেলওয়ে কর্মচারিরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় প্ল্যাটফর্মজুড়ে জড়ো হন রেলওয়ের বিভিন্ন বিভাগের কর্মীরা। তারা হাতে ব্যানার নিয়ে দাবি মেনে নিতে বিভিন্ন স্লোগান দেয়। কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন কর্মী জানান, “আমরা বছরের পর বছর ধরে অপেক্ষা করছি। প্রতিবারই আশ্বাস মিলছে, কিন্তু কার্যকর কিছু হচ্ছে না।”
আন্দোলনকারীরা জানায়, সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের আগে বিষয়টি সমাধান না হলে পরে প্রশাসনিক জটিলতা, নীতিগত পরিবর্তন কিংবা নতুন অগ্রাধিকার তালিকায় পড়ে বিষয়টি আরও পিছিয়ে যেতে পারে।
রেল কর্মীদের দাবি, বর্তমান বেতন কাঠামো দিয়ে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের কর্মীরা সবচেয়ে বেশি চাপে আছেন। কর্মসূচিতে রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যোগ দিতে হয়। রেল শ্রমিকদের এই অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়। এতে রেল চলাচলে কোন ধরনের বিঘ্ন ঘটেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। – সৌধ/মিলন/চট্টগ্রাম