চকরিয়ায় সিএনজি-ডাম্পার মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

কক্সবাজারের চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কে সিএনজি টেক্সি ও ডাম্পার গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় টেক্সি যাত্রী মো: জাবেদ সিকদার (২৭) নামের এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়। আহত হয়েছেন টেক্সিচালক ও অপর এক যাত্রী। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সড়কের চকরিয়ার পশ্চিম বড় ভেওলার ইলিশিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জাবেদ সিকদার মহেশখালী উপজেলার গোরকঘাটা ইউনিয়নের সিকদার পাড়ার মৃত ইছহাক সিকদারের পুত্র এবং মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়ার আপন ভাগিনা। নিহত জাবেদ সিকদার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কান্তি চৌধুরী অভ্যন্তরীণ সড়কে দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।