গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি মাদরাসার মাঠ থেকে ৮টি ককটেল ও ৬ টি পেট্রল বোমা উদ্ধার করা হয়েছে।
(১ নভেম্বর) বুধবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার মাঠ থেকে এসব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদরাসার মাঠে কিছু বিস্ফোরক জাতীয় দ্রব্য দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৮টি ককটেল ও ৬টি পেট্রলবোমা এবং এক বস্তা লাঠি উদ্ধার করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যগুলো মাদরাসার মাঠে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।