কোস্ট গার্ডের মহাপরিচালক মীর এরশাদ আলী

দেশ বর্তমান প্রতিবেদক
বাংলাদেশ কোস্ট গার্ডের ১৪তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী। এর আগে তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে গত ১৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার প্রজ্ঞাপনে তাকে কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আজ বুধবার কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী ১ জুলাই ১৯৮৯ সালে বাংলাদেশ নৌ-বাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। চাকুরি জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও নৌ সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ ফ্লিট চট্রগ্রাম এর কমান্ডার বিএন ফ্লিট ও পশ্চিমাঞ্চলীয় কমান্ডের কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে তিনি নৌ সদর দপ্তরে নৌ গোয়েন্দা পরিচালক (ডিএনআই), নৌ পরিকল্পনার পরিচালক (ডিএনপি), ডিরেক্টর অব পার্সোনেল সার্ভিসেস (ডিপিএস), নৌ প্রশিক্ষণের পরিচালক (ডিএনটি), নৌ অপারেশন পরিচালক (ডিএনও) হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি আইভরি কোস্টে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে ডিরেক্টরিং স্টাফ হিসেবেও কাজ করেন। রিয়ার এডমিরাল এরশাদ নৌবাহিনীতে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি ‘অসাধারণ সেবা পদক (ওএসপি)’, ‘নৌবাহিনীর দক্ষতা পদক (এনপিপি)’ এবং তিনবার নৌ প্রধানের প্রশংসাপত্র অর্জন হন। তিনি কোস্ট গার্ডের মহাপরিচালক হিসেবে নিযুক্তির আগে সর্বশেষ তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে তিনি জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অসাধারণ পেশাদারিত্ব ও সামরিক সক্ষমতার স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশ ও বাংলাদেশ কোস্ট গার্ড এর উন্নয়ন এবং অগ্রগতিতে বদ্ধপরিকর।