কর্ণফুলী থেকে শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাকলিয়াথানাধীন মন্দির ঘাট এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, উদ্ধার হওয়া মরদেহটির বয়স আনুমানিক ৬/৭ বছর। তার পরনে ছিল খয়েরি রঙের গেঞ্জি। উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি।

ওসি আরও বলেন, এই শিশু কীভাবে মারা গেছে বা এখানে তার মরদেহ কীভাবে এলো তা এখনো জানা যায়নি। মরদেহটি এরমধ্যে সম্পূর্ণ পঁচে গেছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং লাশের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলেও জানান ওসি।