বিএনপি নেতা রুহুল কবীর রিজভী ও হাবিবুন নবী খান সোহেলসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে পুলিশ কনস্টেবল শামীম মিয়া হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে। ৮ বছর আগে পেট্রোলবোমা মেরে ওই পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছিল।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন। রিজভীর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মামলায় অন্য আসামিরা হলেন, বিএনপি কর্মী আব্দুস সাত্তার, শাহ আলম, আনোয়ার হোসেন টিপু ও আলফাস এলাইস আব্বাস।
সরকার পতনের দাবিতে বিএনপি-জামায়াত জোটের লাগাতার অবরোধের মধ্যে ২০১৫ সালের ১৮ জানুয়ারি মৎস্য ভবনের সামনের রাস্তায় পুলিশ ভ্যানে পেট্রোলবোমা মেরে হত্যা করা হয় শামীমকে। পেট্রোল বোমা হামলা হামলায় দগ্ধ হন আরও ১৩ পুলিশ।
বোমা হামলায় শামীমকে হত্যা করার মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ২৬ জনকে আসামি করে মামলা করা হয়।
পরে অন্যদের বাদ দিলেও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ সাত বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
এমএইচএফ