কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় টমটম চালকের মৃত্যু, গ্রেফতার ১

কক্সবাজারের চকরিয়ায় প্রতিপক্ষের হামলায় এক টমটম চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত টমটম চালকের নাম জিসান মোহাম্মদ (২৩)। সে উপজেলার বদরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কুতুব নগর গ্রামের নাছির উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে কয়েকজন লোক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সূত্র জানায়, নিহত জিসানকে বেলা ১টার দিকে জনৈক হেলালসহ কয়েকজন লোক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখান থেকে ৪র্থ তলায় ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। ডাক্তার বলেন, রোগী মারা যাওয়ার পরপরই হেলালসহ অন্যান্য লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যায়।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কবীর আহমদ জানান, জিসান পেশায় টমটম চালক। টমটম চলানো নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে আহত করে, পরে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, পরবর্তী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মহিউদ্দিন নামে একজনকে গ্রেফতার করেছে।