টানা ভারী বর্ষণে কক্সবাজারের চকরিয়া ও উখিয়া উপজেলায় পাহাড় ধসে মা-মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ও চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় উখিয়ার ৯ নম্বর ক্যাম্পের এ/৬ ব্লকে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ের মৃত্যু হয়। অন্যদিকে বিকেলে চকরিয়ায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উখিয়ায় নিহতরা হল- মৃত জান্নাত আরা (২৮) ও তার ১ বছর বয়সী মেয়ে মাহিমা আক্তার। পাহাড় ধসের ঘটনায় জান্নাতের স্বামী আনোয়ার ইসলাম (৩৫) আহত হয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, ভারী বর্ষণে সোমবার বিকেলে পাহাড়ের খাদের নিচে বসবাসকারী আনোয়ারের ঘরের ওপর মাটি ধসে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মা-মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করে। আহত গৃহকর্তা আনোয়ারকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
চকরিয়ায় নিহতরা হল- উপজেলার বরইতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি গ্রাম বড়ঘোনা এলাকার আনোয়ার হোসেনের ৫ বছর বয়সী ছেলে সাবির ও ১ বছর বয়সী মেয়ে তাবাবসুম।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বরইতলী ইউনিয়নের বড়ঘোনা এলাকায় পাহাড়ধসে পড়ে দেয়াল চাপায় আনোয়ার নামের এক ব্যক্তির দুই শিশু মারা গেছে।