কক্সবাজারে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়ায় ঘরে ঢুকে এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রীনা আকতার হাফেজ মৌলানা আবু নাসেরের স্ত্রী।

গতকাল মঙ্গলবার আনুমানিক রাত ১০ টা থেকে ১১টার মধ্যবর্তী সময়ে তাকে হত্যা করা হয়। রাত ১২ টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

প্রতিদিনের মতো মঙ্গলবার এশার ও তারাবির নামাজ পড়তে পার্শ্ববর্তী মসজিদে যান স্বামী আবু নাসের। রাত ১১ টার দিকে ঘরের বিছানায় গলাকাটা অবস্থায় ওই নারীর মরদেহ দেখতে পায় প্রতিবেশিরা। এসময় বাড়ীর আলমারির তালাও ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে আসেন।

জেলা সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও সিআইডির ফরেনসিক বিভাগের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রাকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই তদন্ত শুরু করেছি। আশা রাখছি, স্বল্প সময়ের মধ্যেই ঘটনার রহস্য উন্মোচন সম্ভব হবে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।