চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় একটি গ্যারেজের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে অন্তত ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পদুয়া বাজারের তুলাতলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, পদুয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামত দোকানের ওয়েল্ডিং মেশিন থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অন্যান্য দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে।
এদিকে, আগুন লাগার ১৫ মিনিটের মধ্যেই সাতকানিয়া ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণ করার জন্য ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ আনেন।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা হুমায়ুন কার্নায়েন বলেন, আগুন লাগার সাথে সাথে আমিসহ আমার টিম ঘটনাস্থলে এসে আনুমানিক ২০/২৫মিনিটের ভেতর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এ মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
আগুন লাগার বিষয়টি শুনে ছুটে আসেন পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ। তিনি দৈনিক দেশ বর্তমানকে বলেন, পুড়ে যাওয়া দোকানগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা না গেলেও রাইস মিলের ক্ষতি পরিমাণ অন্তত ২৫ লাখ টাকা।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ের প্রায় এক ঘণ্টা যানজট লেগে যায়, পরে লোহাগাড়া থানা পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।