এমপি মনোনয়ন নিতে বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে প্রার্থী হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছে চৌধুরী মোহাম্মদ গালীব সাদলী। গত শনিবার(১৮ নভেম্বর) ঢাকাস্থ আওয়ামীলীগ কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

রবিবার (১৯ নভেম্বর) নিজেই বিষয়টি নিশ্চিত করেন। চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বাঁশখালীর সাবেক সংসদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম সুলতানুল কবির চৌধুরীর সন্তান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্টিত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন।

এদিকে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাংসদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালী আসন থেকে পুনরায় দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ গ্রহন করেছে।

এছাড়াও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ড. মোহাম্মদ জমির উদ্দিন সিকদার, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুজিবুর রহমান সিআইপি, দক্ষিন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মুজিবুর রহমান ও ডাঃ মোঃ আলমগীর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বলে বিশ্বস্ত সুত্রে জানা গিয়েছে।