এবার সত্যিই চলে গেলেন হিথ স্ট্রিক

এটাও গুজব হলে পারত, পরে অন্তত এই বলে সান্ত্বনা পাওয়া যেত যে তিনি এখনও আছেন। কিন্তু না, এবার সত্যিই পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তী ক্রিকেটার হিথ স্ট্রিক। যিনি জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট দলে পেস বোলিং কোচ ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ক্রিকেটারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার তার স্ত্রী নাদিনে।

ফেসবুক পোস্টে তার স্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালে ৩ সেপ্টেম্বর (আজ) ভোরে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা এবং আমার সুন্দর সন্তানদের বাবাকে ফেরেশতাদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে তিনি নিজ পরিবার ও স্বজনদের সঙ্গে শেষ দিনগুলো কাটাতে চেয়েছিলেন। তিনি প্রেম এবং শান্তিতে আচ্ছাদিত ছিলেন এবং একা পার্কে হাঁটেননি। আমাদের আত্মা অনন্তকালের জন্য আবদ্ধ, স্ট্রিকি। যতক্ষণ না আমি আবারও তোমাকে আঁকড়ে ধরি।

অনেক দিন ধরেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন ৪৯ বছর বয়সী এই ক্রিকেটার। তবে চলতি বছরের শুরুতেই বিষয়টি প্রকাশ্যে আসে। শেষ পর্যন্ত মরণব্যাধি ক্যানসারের কাছে হারই মানলেন তিনি।

জিম্বাবুয়ের জার্সিতে ১৮৯ ওয়ানডে ও ৬৫ টেস্ট খেলেছেন হিথ স্ট্রিক। ৬৫ টেস্টে ২১৬ উইকেটের পাশাপাশি ১৯৯০ রান করেছেন তিনি। আর ওয়ানডে ফরম্যাটে দুই হাজার ৯৪৩ রানের পাশাপাশি শিকার করেছেন ২৩৯ উইকেট। ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি।

বর্ণাঢ্য ক্রিকেট খেলা থেকে অবসর শেষে কোচিং পেশায় জড়িত হন স্ট্রিক। ২০১৪ সালের মে মাসে টাইগারদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন। ২০১৬ সাল পর্যন্ত মোস্তাফিজ-রুবেলদের বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। টাইগারদের দায়িত্ব ছেড়ে পরবর্তী সময়ে ব্যাঙ্গালুরের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হন তিনি।

২০২১ সালে দুর্নীতির অভিযোগে আইসিসি তাকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে। তবে ৪৯ বছর বয়সি এ ক্রিকেটার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

এমএইচএফ