একইদিনে দুই বাংলায় মুক্তি পাচ্ছে জয়ার দুই ছবি

আগামী ৯ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের নতুন ছবি ‘ভূতপরী’।  একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’।

সৌকর্য ঘোষাল পরিচালিত ‘ভূতপরী’র ট্রেলার মুক্তি পেয়েছে ১৯শে জানুয়ারি।  এরই মধ্যে ২০ লাখের ওপর মানুষ ট্রেলারটি দেখেছে।  ‘ভূতপরী’র ছবিটিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্ত চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, বিষান্তুক প্রমুখ।

অন্যদিকে দেশি সিনেমা ‘পেয়ারার সুবাস’ নিয়ে বরাবরই আশাবাদী জয়া।  তিনি এর আগে বলেছিলেন, আমার প্রথম সিনেমার পরিচালক নুরুল আলম আতিক।  তার সঙ্গে কাজ করার সময়টা খুব উপভোগ করি।  এই ছবিটা যখন করেছি, তখনো এক্সাইটেড ছিলাম।  আমরা সাধারণরা সব সময় যে দৃষ্টিভঙ্গি নিয়ে ছবি দেখি, আতিক আসলে সব সময় নতুনভাবে দেখতে শেখায়, দেখায়।  পুরো সিনেমায় একটা অন্য রকম ভাষা আছে।

‘পেয়ারার সুবাস’ ছবিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, নূর ইমরান মিঠু, সুষমা সরকার প্রমুখ।

উল্লেখ্য, গেল বছরে মুক্তি পাওয়া জয়া আহসানের হিন্দি সিনেমা ‘কড়ক সিং’ দিয়ে তুমুল সাড়া ফেলে দর্শক হৃদয়ে।