উত্তাল চবি—ভিসির বাংলোয় ভাঙচুর, পদত্যাগের দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলে হেলে পড়া গাছের ধাক্কায় বহু শিক্ষার্থী আহতের ঘটনায় ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। প্রতিবাদে শিক্ষার্থীরা চবির মূল ফটকে টায়ার জ্বালিয়ে এবং ভিসির বাংলোর সামনে আন্দোলন করছে।

সূত্রে জানা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির বাংলোয় ভাঙচুর করেছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, শাটলে পর্যাপ্ত পরিমাণ সিট না থাকায় শিক্ষার্থীরা ছাদে উঠতে বাধ্য হয়।

এ সময় কেউ কেউ ভিসির পদত্যাগের দাবিও তোলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত মাড়ে ৮টার দিকে ফতেয়াবাদ স্টেশনে ক্যাম্পাসগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা শাটল ট্রেনের ছাদে চড়ে ক্যাম্পাসে ফিরছিলাম। ক্যান্টনমেন্ট এলাকা পার হওয়ার পর চৌধুরীহাট এলাকায় আসলে গাছের একটি ডালের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনজন ট্রেন থেকে পড়ে যায়। এছাড়া ১৫-২০ জনের মতো আহত হয়। তার মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অনেকেরই মাথা ও মুখ ফেটে গেছে।