উখিয়া উপজেলা পরিষদ নির্বাচন : প্রচারণার শীর্ষে ৩ চেয়ারম্যান প্রার্থী

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের আগামী ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় ধাপে উপজেলা পরিষদের নির্বাচন। ৩টি পদে ১১ প্রার্থী নির্বাচন করছেন, এর মধ্যে উখিয়া উপজেলায় জমে উঠেছে ৩ প্রার্থীর নির্বাচনী প্রচার-প্রচারণা।

জানা গেছে, এ উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের একজন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী৷ তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন৷ অপর দুজন আবুল মনসুর চৌধুরী (মোটর সাইকেল) ও জাফর আলম চৌধূরী (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচন করছেন৷ তিন চেয়ারম্যান প্রার্থীই নির্বাচনী প্রচারনার মধ্যে আনারস মার্কার প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী এগিয়ে আছেন বলে মনে করছেন ভোটাররা।

নির্বাচনের দিনক্ষণ আরও বেশ কদিন বাকি আছে৷ তাই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, সাংবাদিক রাসেল চৌধুরী তালা মার্কা নিয়ে, সাংবাদিক গফুর চৌধুরী চশমা মার্কা নিয়ে, গফুর উল্লাহ বই মার্কা নিয়ে, কামাল উদ্দিন মিন্টু মাইক মার্কা নিয়ে এবং উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম টিউবওয়েল মার্কা নিয়ে নির্বাচন করছেন৷ তারা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্ধারিত এলাকা চষে বেড়াচ্ছেন।

সাধারণ ভোটারদের দাবি ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণায় এগিয়ে আছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম৷

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেসা বেবী কলস মার্কা নিয়ে নির্বাচন করছেন৷ বাকী দু’জন হচ্ছেন, সানজিদা আক্তার নূরী প্রজাপতি মার্কা নিয়ে ও শাহীনা আক্তার হাঁস মার্কা নিয়ে নির্বাচন করছেন৷ ভোটারদের গণ জরিপে দেখা গিয়েছে প্রচারণায় কমরুনেসা বেবি এগিয়ে আছেন।

আর এ নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছেন। প্রশাসনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাবতীয় প্রস্তুতি নিচ্ছেন।

ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জয়-পরাজয়ের ফ্যাক্টর হিসেবে সামনে আসছে বিভিন্ন সমীকরণ। ছোট-বড় বিভিন্ন রাজনৈতিক দল, প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের সমর্থন এবং প্রশাসনিক লোকজনের অবস্থানের ওপর নির্ভর করে নানামুখী সমীকরণ আলোচনায় আসছে।

প্রার্থীদের মধ্যে কার পাল্লা ভারি তাও নির্ভর করছে এই সমীকরণের ওপর। এখন পর্যন্ত উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ প্রশংসনীয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের লোকজন নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। তাই সুষ্ঠু ভোট হলে সব প্রার্থীই বিজয়ের বিষয়ে আশা প্রকাশ করেছেন।

ভোটারদের একাংশ বলছেন, সততা, নিষ্ঠা ও পরিচ্ছন্নতায় এগিয়ে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। তিনি রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকা কালীন বিভিন্ন মেয়াদে রাজাপালং ইউনিয়নে তথা উপজেলায় অকল্পনীয় উন্নয়ন হয়েছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাহাঙ্গীর কবির চৌধুরীর বিকল্প নেই।

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, আগামী ২৯ মে ভোট, উখিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৩১২ জন। এর মধ্যে ৭৭ হাজার ৪৭ জন পুরুষ এবং মহিলা ভোটার ৭২ হাজার ২৬৫ জন। উপজেলা প্রথম বারের মতো ভোটাররা ইভিএমে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন৷