ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল শিক্ষকসহ ২ জনের

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বালুবাহী নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের চাপায় শিক্ষকসহ দুই পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার নাগাদ ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন-সংলগ্ন ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৬২)। তিনি বড়হিত ইউনিয়নের পস্তাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অপর নিহত পৌর এলাকার দত্তপাড়া গ্রামের মৃত দুলাল গৌড়ের মেয়ে ধনতি গৌড় (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কিশোরগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন-সংলগ্ন সড়কে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধনতি গৌড়কে মৃত ঘোষণা করেন। আর স্কুলশিক্ষক আব্দুস সাত্তারকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ট্রাকটিকে জব্দ করা হয়েছে। পুলিশ দুই মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।