আল্লাহ ছাড়া ঠেকানোর কেউ নেই, নির্বাচন হবেই : পরিকল্পনামন্ত্রী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ‘হবেই’ জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, ‘আল্লাহ ছাড়া এই নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই।’

তিনি বলেন, বিএনপি চায় নির্বাচনকে সামনে রেখে ঘরে ঘরে দাঙ্গা হাঙ্গামা লাগাতে। দাঙ্গা-হাঙ্গামা লাগিয়ে, দেশকে অস্থিতিশীল করে, কেউ এসে তাদের ক্ষমতা দিয়ে দেশ লুট করার সুযোগ দেবে এই সুযোগ পাবে না বিএনপি।”

নির্বাচনকে ঘিরে যারা অশান্তি সৃষ্টি করতে চাইবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশে যথাসময়ে নির্বাচন হবে এবং নির্বাচন আটকানোর ক্ষমতা কারো নেই।

মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে সিলেটের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা’ শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় ৮৭ জন উপকারভোগীদের মাঝে ৭৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, “হাওর, পাহাড়, চরসহ সারাদেশে গত ১৩ বছরে যত উন্নয়ন হয়েছে গত ৫০ বছরেও সেটা হয়নি। আওয়ামী লীগ উন্নয়ন করে সারাদেশকে পাল্টে দিয়েছে। শিক্ষা, চিকিৎসা, বিদ্যুতে আমরা অকল্পনীয় উন্নয়ন করেছি। বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে আওয়ামী লীগ।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার উজ জামান, সিলেট বিভাগীয় যুগ্ম নিবন্ধন কর্মকর্তা জিয়াউল হক, সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী, ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়।

এরপর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বঙ্গবন্ধু মডেল গ্রামের প্রদর্শনী মৎস্য খামারে পোনামাছ অবমুক্ত করেন।