আরব আমিরাতে হাটহাজারী প্রবাসীর আত্মহত্যা

সংযুক্ত আরব আমিরাতে গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের পিতা মোহাম্মদ হোসেন (৫৫) নামের হাটহাজারীর গুমানমর্দ্দন এলাকার এক প্রবাসী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

উপজেলার ৪ নং গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার আমিরাতের আজমান নতুন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার নিজ বাসায় মো. হোসেন আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

আত্মহননকারী মো. হোসেন উপজেলার ৪ নং গুমানমমর্দ্দন ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ডের আলিম উদ্দিন হাজী বাড়ির মৃত আলী মোহাম্মদের পুত্র।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফরিদ তার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, দীর্ঘ ৩৩ বছর ধরে আমিরাতে আজমানে ব্যবসার করে আসছিলেন হোসেন। ব্যক্তি জীবনে তিনি ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। আমরা বন্ধুর মতোই চলাফেরা করেছি। তার একটি গ্রোসারি দোকান ছিল। সেটি এক মাস আগে বিক্রি করে পাইকারী সবজি বিক্রি শুরু করেছিলেন মোহাম্মদ হোসেন। তাকে সর্বদায় নম্রভদ্র দেখেছি। কিন্তু আত্মহত্যার পথ কেন বেছে নিয়েছেন তা বুঝতেছিনা।

তিনি জানান, বর্তমানে তার মরদেহ মধ্য প্রাচ্যের খলিফা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমিরাতের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।