স্ক্রিনে জনি লিভার মানেই যেন, দর্শকদের প্রত্যাশার পারদ তুঙ্গে। প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে বলিউডে কমেডি অভিনেতা হিসেবে রাজ করে গেছেন তিনি। সম্প্রতি এই অভিনেতা জানিয়েছেন, একসময় শাহরুখ খানের চেয়েও নাকি বেশি জনপ্রিয় ছিলেন তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই অভিনেতা জানালেন শাহরুখের সঙ্গে নিজের কাজের অভিজ্ঞতা। জনি লিভার জানান, শাহরুখ খান তখনো তারকা হয়ে উঠতে পারেননি, যখন তাকে আব্বাস মস্তানের ‘বাজিগর’ সিনেমায় সুযোগ দেওয়া হয়েছিল। তিনি তখন শাহরুখের চেয়ে অনেক বেশি জনপ্রিয় ছিলেন।
অভিনেতা বলেন, ১৯৯১ সালে ‘বাজিগর’ সিনেমায় একসঙ্গে কাজ শুরু করি আমরা। তার আগে শাহরুখ ‘রাজু বান গ্যায়া জেন্টলম্যান’ এবং আরও কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন। কিন্তু আমি তার চেয়ে বেশি বিখ্যাত ছিলাম। লোকজন আমাকে চিনতেন। আমি তখন তারকা ছিলাম। আর শাহরুখ ছিলেন আসন্ন তারকা। তবে আমাদের বোঝাপড়া ছিল দারুণ।
নব্বইয়ের দশক থেকে একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন শাহরুখ-জনি। বলিউড বাদশাহর ক্যারিয়ারের বহু সেরা সিনেমার অংশ ছিলেন তিনি। যে তালিকায় রয়েছে ‘বাজিগর’, ‘কয়লা’, ‘করণ অর্জুন’, ‘বাদশা’, ‘কুছ কুছ হোতা হ্যায়’র মতো সুপারহিট সিনেমা।
পর্দায় অভিনয়ের বাইরে বাস্তব জীবনেও বেশ ভালো বন্ধুত্ব এই দুই তারকার মাঝে। এখনও বিভিন্ন সিনেমায় একসঙ্গে স্ক্রিনশেয়ার করতে দেখা যায় দুজনকে। সর্বশেষ রোহিত শেঠির দিলওয়ালে সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-জনি।