১৯৯০ সালে ‘জীবন যেমন’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। প্রথম অভিনয়ে পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ১২০০ টাকা। এরপর গত ৩ যুগে অসংখ্য জনপ্রিয় নাটক ও সিনেমা উপহার দিয়েছেন তিনি। মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র সব মাধ্যমেই আলো ছড়িয়েছেন। ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আটবার পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার।
সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’র বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হয়েছিলন এই অভিনেতা। যেখানে জানিয়েছেন জীবনের অনেক চড়াই-উতরাই’র গল্প।
অভিনয়ের টানে ঢাকায় এসেছিলেন জাহিদ হাসান। সেইসময়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘পরিবার থেকে হাত খরচের টাকা না নিয়ে ঢাকাতেই সংগ্রাম করে থাকতাম। সকাল-বিকাল-রাত পাউরুটির সঙ্গে গুড় দিয়ে খেতাম। একটা সময় যাতায়াত ভাড়ার টাকা বাঁচানোর জন্য টিএসসি থেকে রামপুরা বিটিভি ভবনে হেঁটে হেটে যেতাম। নাটকের মহড়ায় ছিড়ে যাওয়া প্যান্ট আর গেঞ্জি পরে চলে যেতাম। একটা ডায়েরি কেনারও পয়সা ছিল না। ’
অনুষ্ঠানের একপর্যায়ে জাহিদ হাসান বললেন, ‘আল্লাহ মাফ করুক বা আল্লাহ কবুল করুক— আমার কেন জানি মনে হয়, আমি বেহেশতে যাব। আল্লাহপাক যেন কবুল করে এটা। আমি জেনে-বুঝে এমন কোনো পাপ করি না, সেজন্য কথাটি বললাম। ’