আবারো পেছাল জামায়াতের নিবন্ধন নিয়ে লিভ টু আপিলের শুনানি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে করা লিভ টু আপিলের শুনানির দিন পিছিয়ে আগামী ১৯ নভেম্বর ধার্য করা হয়েছে।

রবিবার আদালতে জামায়াতে ইসলামীর পক্ষের আইনজীবী এ জে মোহাম্মদ আলীর ব্যক্তিগত সমস্যা থাকায় তার পক্ষ থেকে আট সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন আইনজীবী মো. জিয়াউর রহমান। এরই প্রেক্ষিতে প্রধান বিচারপতি মো. ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা ও আদালত অবমাননার অভিযোগে করা আবেদন দুটির শুনানির দিনও ওই একই দিন ধার্য করা হয়েছে। আদালতে এ সময় জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা ও আদালত অবমাননার অভিযোগের আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর ও আইনজীবী আহসানুল করিম। এ সময় আদালতে রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে গত ৬ নভেম্বর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

সেদিন তানিয়া আমীর বলেছিলেন, ‘আমাদের আদালত অবমাননার ও নিষেধাজ্ঞার আবেদন ছিল। এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মুলতবির একটি আবেদনও আছে। আমি আদালতকে বললাম, আদালত অবমাননার আবেদন আগে শুনানির জন্য। তখন আদালত বলেছেন, হাইকোর্টের রায়ের অবমাননা? আমরা তখন বললাম, হ্যাঁ। তখন আদালত বললেন, পুরো হাইকোর্টের রায় দেখতে আমাদের সিপি (লিভ টু আপিল) শুনতে হবে। ১২ নভেম্বর মূল মামলাটাই শুনে ফেলি। তখন আমরা বললাম ইন দ্য মিন টাইম (১২ তারিখ পর্যন্ত) আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা দিয়ে রাখেন। কারণ তারা নাশকতা করছে। প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে। আদালত বলেছেন, অসুবিধা নেই, চিন্তা কইরেন না ১২ তারিখ কার্যতালিকার শীর্ষে থাকবে।’

উল্লেখ্য, ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন। রিটে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নির্বাচন কমিশনসহ চারজনকে বিবাদী করা হয়। তারা জামায়াতের নিবন্ধন বাতিলের আরজি জানান।