আনোয়ারা উপজেলা প্রশাসনের সার্বজনীন পেনশন স্কিম প্রেস ব্রিফিং

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকার সদ্য ঘোষিত সার্বজনীন পেনশন স্কিমে সকল পেশার মানুষদের উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন, উপজেলা কৃষি অফিসার রমজান আলীসহ আনোয়ারায় দায়িত্বরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা, নিম্ন আয় ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়ার লক্ষ্যে সরকার পেনশন স্কিম চালু করেছে। ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরাই এই পেনশনের আওতায় আসতে পারবেন। সরকার ৫ ধরণের পেনশন স্কিম সহায়তা চালু করেছে তবে আপাতত সরকারি চাকরিজীবীদের জন্য সার্বজনীন পেনশন স্কিমে যোগ দেওয়ার সুযোগ রাখা হয়নি। একজন পেনশনধারী ব্যক্তি ৬০ বছর পূর্ণ হওয়ার পর পেনশন পাওয়া শুরু করবেন। ৬০ বছর পূর্ণ হওয়ার আগে কোনো পেনশনধারী মারা গেলে তার নমিনি পেনশনার হিসেবে ধর্তব্য হবে। নমিনি চাইলে এককালীন পুরো টাকা তুলতে পারবেন, না হয় পেনশন চালিয়ে নিতে পারবেন।