আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় ৬ সন্তানের জননী গুরুতর আহত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোমেনা বেগম (৪৫) নামের এক ৬ সন্তানের জননী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৯ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা সদরে সোনালী ব্যাংকের সামনে আনোয়ারা-চন্দনাইশ পিএবি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আহত মোমেনা বেগম উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রূদুরা গ্রামের বাসিন্দা। তার ৩ মেয়ে এবং ৩ ছেলে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় চাতরী থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশায় ধাক্কা লেগে সদর থেকে যাওয়া মোটরসাইকেলের সামনে পড়ে। এ সময় রক্তাক্ত অবস্থায় মহিলাটিকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আহতের মেয়ে ডলি আক্তার জানান, আম্মু ব্যাংকে যাচ্ছিল। কিছুক্ষণ পর খবর পাই আম্মুকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এসে দেখি আম্মুর মাথায় ব্যান্ডেজ করা হয়েছে। পরবর্তীতে চিকিৎসক আম্মুকে চমেক হাসপাতালে রেফার করে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এক মহিলাকে আনা হয়েছিলো। তার মাথায় এবং মুখে আঘাত লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।