আনোয়ারায় দুইদিন ব্যাপী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত

দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী ও প্রাচীন মন্দির শ্রী শ্রী বাসন্তী মন্দিরের উদ্যোগে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় মহতি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের পাটনীকোটা গ্রামে বাসন্তী মন্দিরে এই গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দুই দিন ব্যাপী এই গীতাযজ্ঞ শুক্রবার ২ ফেব্রুয়ারি শেষ হয়।

দুই দিন ব্যাপী এই গীতাযজ্ঞ অনুষ্ঠানে সনাতনী ধর্মের হাজার হাজার মানুষের সমাগম হয়। সমাপনী দিন উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

এই গীতাযজ্ঞ অনুষ্ঠানের প্রথম দিনে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ বেতারের শিল্পী শ্রী অলোক দেবনাথ। সমাপনী দিবসে গীতাযজ্ঞ পরিবেশেন করেন পটিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ।

মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী দীপনঙ্কর রুদ্র (জয়) বলেন, আমরা দেশ ও জাতির কল্যাণে এই গীতাযজ্ঞ অনুষ্ঠান প্রতি বছর করে আসছি। এই বছরও আমাদের অনুষ্ঠান সকলের সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়েছে।