আনোয়ারায় চাঁদা দিতে অস্বীকারে ঘরে আগুন লাগানোর অভিযোগ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চাঁদা না দেওয়ায় মোঃ শাহ আলম (৪০) নামের এক ব্যবসায়ীর বড় ভাইয়ের ঘরে বাহির থেকে তালা মেরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মোঃ শাকিল প্রকাশ বাবু কসাই (২৫) ও তার সহযোগিদের বিরুদ্ধে। এঘটনায় মো. শাহ আলম বাদী হয়ে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটে মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন, মো. শাকিল প্রকাশ বাবু কসাই (২৫), মো. হানিফ (২৩), জুম্মন (২০), মো. আনোয়ার (২৮), মো. সৈয়দ প্রকাশ মুন্সি কসাই (৫০), মো. শাহেদ (১৮), তারা সবাই উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার বাসিন্দা।

মামলার এজহার সূত্রে জানা যায়, শাহ আলম উপজেলার সরকার হাঁটে একটি ভিডিও ও ফুলের দোকান দিয়ে ব্যবসা করে আসছে। একপর্যায়ে স্থানীয় চাঁদাবাজ এবং কিশোরগ্যাং হিসেবে পরিচিত আসামিরা তার কাছ থেকে ২লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় গত ২৪ এপ্রিল (বুধবার) রাত ১২টা ৪৫ এর দিকে বাদীর বড় ভাই আহত বাবুলের ঘরে এসে বিভিন্ন গালিগালাজ ও হুমকিধামকি দিয়ে ঘরের দরজায় বাহির থেকে তালা মেরে আগুন লাগিয়ে দেয় অভিযুক্তরা। এসময় ঘরের টিনের ছাল কেটে বাহির হতে গিয়ে বাদীর বড় ভাই বাবুলের ডান হাত ও ডান পা পুড়ে যায়। পরবর্তীতে পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল ত্যাগ করে অভিযুক্তরা।

তবে বিষয়টি বানোয়াট বলে মন্তব্য করে ২নং বিবাদী মোঃ হানিফ জানান, “এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, বিষয়টি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা”।

এবিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মাদ বলেন, ” এই ধরনের কোনো ঘটনা আমার নলেজে নাই”।