আঘাত হানার পর ৩-৪ ঘণ্টা ‘মোখা’র প্রভাব থাকবে

রোববার দুপুর ৩ টা থেকে ৬ টার মধ্যে আঘাত হানতে পারে

ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড় মোখার গতিবেগ  ঘণ্টা ১৯০ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে। রোববার (১৪ মে) দুপুর ৩ টা থেকে ৬ টার মধ্যে  আঘাত হানতে পারে। আঘাত হানার পর ৩ থেকে ৪ ঘণ্টা উপকূলীয় অঞ্চলে এর প্রভাব থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত ১৫ নম্বর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় মোখার গতিবেগ আরও বাড়তে শুরু করেছে। এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কি.মি দক্ষিণে অবস্থান করছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বাতাসের গতিবেগ কমে যাওয়ায় ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোন হচ্ছে না। এটি অতি প্রবল (ভেরি সিভিয়ার সাইক্লোন) ঘূর্ণিঝড়।

এরআগে, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুর রহমান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘ঘূর্ণিঝড় মোখার প্রভাব মুক্ত হতে রোববার রাত পর্যন্ত সময় লাগতে পারে। ঘূর্ণিঝড় মোখা সিডরের মতো শক্তিশালি,  তবে বাংলাদেশের একপাশ দিয়ে যাবে তাই ক্ষতির সম্ভাবনা কম।

কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।